শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার রায়ে দুজনকে ফাঁসি ও একজনকে বিভিন্ন ধারায় ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ (নারী ও শিশু আদালত) শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শাকিল হোসেন গাজী (১৯) ও সিয়াম হোসেন (২০)।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩১ জুলাই শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁও এলাকার মনির খানের ছেলে হৃদয় খান ওরফে নিবিড় (১১) নিখোঁজ হয়।
সে তখন শহরের একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের পক্ষ থেকে ওই রাতেই পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে হৃদয়ের মায়ের মুঠোফোনে কল করে তাকে অপহরণের কথা জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পুলিশ মুক্তিপণের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে ওই রাতেই খিলগাঁও এলাকার শাকিল হোসেন গাজী, পাবনার সিংঙ্গা এলাকার সিয়াম হোসেন এবং একই এলাকার এক কিশোরকে আটক করে।
তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পরদিন ১ আগস্ট সদর উপজেলার একটি ইটভাটা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে আসামিরা আদালতে স্বীকার করেন, হৃদয়কে শ্বাসরোধ করে হত্যা করার পর মুক্তিপণের জন্য ফোন করা হয়েছিল। মামলাটির তদন্ত প্রথমে পালং মডেল থানার এক কর্মকর্তা শুরু করেন। পরবর্তীতে তদন্তভার পায় পিবিআই।
তদন্ত শেষে ২০২৪ সালের ১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে রায় ঘোষণার পর আসামিদের আদালত কাস্টডিতে নেওয়ার সময় স্থানীয় জনতা তাদের ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ দ্রুত আসামিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত হৃদয়ের মা নিপা আক্তার। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি বলেন, অর্থের লোভেই আমার নিরীহ ছেলেটাকে হত্যা করা হয়েছে।
প্রায় আড়াই বছর ধরে সন্তানের শোকে দিন কাটাচ্ছি, একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। যাকে শিশু দেখানো হয়েছে, সে আদতে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তার বিষয়ে দেওয়া রায়ে আমরা সন্তুষ্ট নই।






